কলাপাড়ায় নকল সিগারেট জব্দ, এক লাখ টাকা জরিমানা

০৮ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ৫ হাজার ৪১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ির এলাকায় গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়।

এ সময় দিলীপ কুমার পাল (৩৯) ও মিলন হোসেন (৪১) নামে দু’জনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহায়তায় গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সিগারেটের সন্ধান মেলে। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দণ্ড কার্যকর করা হয়। পরে জব্দ সিগারেট পুড়িয়ে দেওয়া হয়েছে।