০৫ আগস্ট, ২০২৬
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানাসহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। একই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা জিয়াউল হক।
মামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা হাসপাতালে অবস্থানের পর রাতেই তাদের কঠোর নিরাপত্তার মধ্যে জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে করে শাহবাগ থানায় নেওয়া হয়।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী সাংবাদিকদের জানান, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা ছয়জনকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
মামলায় গ্রেপ্তার দেখানো ব্যক্তিরা হলেন নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।
তবে এ ঘটনায় নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।