২৩ জুলাই, ২০২৫
যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোটবোন। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
অভিযুক্ত ভাইয়ের নাম খোকন, তিনি ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে—ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন দা (হাসুয়া) হাতে নিয়ে শিমুলের ওপর হামলা করতে তেড়ে যান।
এ সময় শারমিন তার স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে খোকনের হাতের কোপ তার শরীরেই পড়ে। গুরুতর রক্তাক্ত অবস্থায় শারমিনকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।’