২৪ জুলাই, ২০২৫
‘শিশু অধিকার জানি, অন্যকে জানাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্ব নাথ রায়, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাতাসন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আরমান ইসলাম, শিশু পরিষদের সভাপতি মায়া রানী রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিশুরা বয়সে ছোট হওয়ায় তাদের পক্ষে নিজেদের দাবি তুলে ধরা কিংবা তা আদায়ের সক্ষমতা কম। তারা সংগঠিত হওয়ার সুযোগও পায় না। ভোটাধিকার না থাকায় তারা সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের ওপর নির্ভরশীল। অথচ এই প্রাপ্তবয়স্করাই তাদের অধিকার রক্ষা, সম্মান এবং পূরণের দায়িত্বে অঙ্গীকারবদ্ধ।
এসময় ক্যাম্পেইনে ৩০০ জন অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।