২৯ জুলাই, ২০২৫
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার সেরা ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সব দলের কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানালেও এই মর্যাদাপূর্ণ আয়োজনে বাংলাদেশের কেউই উপস্থিত থাকছেন না।
ড্র অনুষ্ঠানের আগের দিন, গতকাল সোমবার (২৮ জুলাই) অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের নিয়ে ট্রফি ফটোসেশন হয়। এতে অংশ নেয় অস্ট্রেলিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম ও তাইওয়ানের প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশ, জাপান, উত্তর কোরিয়া, ফিলিপাইন ও ইরান অনুপস্থিত ছিল।
টুর্নামেন্টে প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ, তাই ড্র অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া একটি গর্বের বিষয় ছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ড্র অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর বিষয়ে বাফুফে কোনো মন্তব্য করেনি।
ড্রতে অংশগ্রহণকারী দলগুলো চারটি পটে ভাগ করা হয়েছে।
. পট ১: অস্ট্রেলিয়া, জাপান, উত্তর কোরিয়া
. পট ২: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম
. পট ৩: ফিলিপাইন, চাইনিজ তাইপে, উজবেকিস্তান
. পট ৪: বাংলাদেশ, ইরান, ভারত
প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল। বাংলাদেশ পট ৪-এ থাকায় বাকি তিন পট থেকে একটি করে দল বাংলাদেশের প্রতিপক্ষ হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দল ও সেরা দুটি তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দলগুলোর জন্য ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক-এ খেলার দরজা খুলে যেতে পারে।
বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা যেভাবে লেস্টার সিটিকে জানালেন হামজা
এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সুযোগ পাওয়াই বাংলাদেশের জন্য ঐতিহাসিক। তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিনিধিত্ব করতে না পারাটা হতাশাজনক বলেই মনে করছেন অনেকে।