নড়াইলে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা

০৫ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্ট ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল জেলা শাখা। সোমবার (৪ আগস্ট) দুপুরে নড়াইল জজ কোর্ট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

পদযাত্রাটি আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে জজ কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এস এম আব্দুল হক, সরকারি পক্ষের আইনজীবী (জিপি) গোলাম মোহাম্মদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকার বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আদালতকে জনগণের বিরুদ্ধে অস্ত্র বানিয়েছে। রাতের ভোটের এমপিদের বৈধতা দিয়েছে, মজলুম নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। লাখ লাখ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে এবং হাজার হাজার জনকে অন্যায়ভাবে সাজা দিয়ে তারা আইন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে।”

তারা দাবি জানান, যারা এই অন্যায়ের পেছনে দায়ী, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।