নারকেল তেল মুখে মেখে ঘুমালে কী হয়?

১১ আগস্ট, ২০২৫

চুলের যত্নে নারকেল তেল ব্যবহারের চল বেশ পুরানো। তবে কেবল চুল নয়, ত্বকের জন্যও এই উপাদানটি উপকারি। ত্বকের নানা সমস্যার সমাধান লুকিয়ে থাকতে পারে নারকেল তেলে। এটি সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার। ত্বকের পুষ্টির জোগান দিতে পারে এটি। কিন্তু মুখে নারকেল তেল মেখে রাতে ঘুমালে কী হতে পারে জানেন? 

শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলের মতো টোটকা খুব কমই রয়েছে। এই তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা শুষ্ক ত্বককে নিমেষে উজ্জ্বল করে তোলে। তবে তৈলাক্ত ত্বকে নারকেল তেল মাখলে সমস্যা হতে পারে। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই- 

১. ব্রণ: 

তৈলাক্ত ত্বকে এমনিই ব্রণ হওয়ার প্রবণতা বেশি থাকে। আর যদি রাতভর মুখে নারকেল তেল মেখে থাকেন তাহলে এই ঝুঁকি আটকানো কষ্টকর হয়ে যাবে। তৈলাক্ত ত্বক হলে মুখে ভুলেও নারকেল তেল মাখবেন না। মাখলেও পরিষ্কার করে তারপর ঘুমাবেন। 

২. ব্ল্যাকহেডস:

তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে রাতে ঘুমানোর পর মুখ থেকে তেল নিঃসৃত হয়। সেক্ষেত্রে ত্বকে যদি তেল লাগানো থাকে, তাহলে ত্বকের ছিদ্রপথ বন্ধ হয়ে যেতে পারে। যা পরবর্তীতে ব্ল্যাকহেডসের কারণ হতে পারে।

৩. অ্যান্টিবায়োটিক ওষুধ:

অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে মুখে নারকেল তেল না মাখাই শ্রেয়। কারণ এমন ওষুধ সেবন করলে শরীর ভেতর থেকে গরম থাকে। তার ওপর নারকেল তেল মাখলে ত্বক গরম থাকে। সব মিলিয়ে ত্বক ঘামতে থাকে। যা ব্রণ সমস্যা আরও বাড়িয়ে দেয়।