চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

১২ আগস্ট, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ পাঠানোর টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে চাচা হাসান গাজীর (৪০) ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা বাহার হোসেন বাবু (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত বাবুর বাবা রৌশন গাজী (৫৫) ও বড় ভাই আরমান হোসেন গাজী (২৭) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত হাসান ও তার ছেলে সাকিলকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রৌশন আলী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, আরমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক জানান, প্রবাসী হাসান গাজীর সঙ্গে একই বাড়ির বাসিন্দা বাবুর বিদেশ পাঠানোর টাকা লেনদেন নিয়ে প্রায় এক মাস আগে বিরোধ বাঁধে। বাবু ওমান থেকে দেশে ফেরার পর এ নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও সমাধান হয়নি। সোমবারও একটি সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল।

এর আগেই দুপুরে হাসান বাবুকে ডেকে নিয়ে নিজের ঘরের সামনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। বাবুকে বাঁচাতে এগিয়ে আসলে তার বড় ভাই আরমান ও বাবা রৌশন আলীর ওপর হামলা চালায় হাসান, তার ছেলে রাকিব, সাকিল এবং পুত্রবধূ সুমাইয়া। এ সময় আরমানের বুকে ছুরিকাঘাত করা হয় এবং রৌশন আলীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা হাসানকে আটক করে পুলিশে দেয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাকিলকে মুন্সীরহাট বাজার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে অপর অভিযুক্ত রাকিব হোসেন (১৯) পলাতক রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, অভিযুক্ত হাসান ও তার ছেলে সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।