উত্তরা ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘এআইগনাইট-২৫’ অনুষ্ঠিত

১৫ আগস্ট, ২০২৫

উত্তরা ইউনিভার্সিটিতে ‘এআইগনাইট-২৫’ কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনাকে কাজে লাগাতে অনুপ্রেরণা ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও উদ্ভাবকরা। 

প্রযুক্তি ও মানব দক্ষতার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, মানব মস্তিষ্ক এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) চেয়ে বহুগুণ মূল্যবান এবং শক্তিশালী। এআই আমাদের কাজকে সহজ করতে পারে, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে প্রযুক্তি আমাদের বুদ্ধিমত্তাকে দখল না করে।

এফবিসিসিআইয়ের উপদেষ্টা ও সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবীর শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হলে দক্ষতা অর্জন জরুরি। এআই আমাদের কম সময়ে অনেক কিছু শিখতে সাহায্য করছে।

সেমিনারে সিটিব্যাংক এন.এ. বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও হেড ট্রেড প্রোডাক্ট সুবাহ আফরিন ব্যবসায়িক সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার নিয়ে তার অভিজ্ঞতা জানিয়েছেন।

গ্রামীণফোনের লিড, আইওটি প্রোডাক্ট ম্যানেজার, রেজওয়ান আরেফিন টেলিকমে এআই-ভিত্তিক উদ্ভাবনের নানা দিক তুলে ধরেন। 

শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য এআই'র ব্যবহারিক প্রয়োগ তুলে ধরেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার কাজী তাফসিরুল ইসলাম । 

অতিথিদের মধ্যে ছিলেন- ইউনিভার্সিটি অব স্কলার্সের লেকচারার মোহাম্মদ আমিনুর রহমান, ব্যাটারি লো ইন্টার‌্যাকটিভ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিনহাজ-উস-সালেকীন ফাহমি, লেখক ও যুব উদ্যোক্তা মো. আলতামিশ নাবিল। 

তারা নেতৃত্ব, উদ্ভাবন এবং এআইয়ের রূপান্তরমূলক সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সামনে অভিজ্ঞতা তুলে ধরেন।