২২ আগস্ট, ২০২৫
লিওনেল মেসির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। বারবার ইনজুরিতে পড়ায় মাঠে নিয়মিত দেখা যাচ্ছে না আর্জেন্টাইন তারকাকে। সর্বশেষ লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। এতে আবারও শঙ্কা জেগেছে , তবে কী ইনজুরি পিছু ছাড়ছে না মেসির?
দিন তিনেক আগে মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামলেও পুরোপুরি ফিট ছিলেন না মেসি। ৪৫ মিনিট খেলার পরই তার মধ্যে অস্বস্তি দেখা দেয়, এমনকি মাঠে পায়ের মাংসপেশি চেপে ধরতে দেখা যায় তাকে। ফলে টাইগার্সের বিপক্ষে লিগস কাপের ম্যাচে নামানো হয়নি আর্জেন্টাইন সুপারস্টারকে।
সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাসচেরানোও জানিয়েছিলেন, মেসি দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেননি। তিনি বলেন, লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ৪৫ মিনিট খেলার পর সে অস্বস্তি অনুভব করছিল। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। এখনই নিশ্চিত করে বলতে পারছি না, সে খেলবে কি না। সবকিছু নির্ভর করছে তার শারীরিক অনুভূতির ওপর।
ইনজুরির কারণে এর আগেও চলতি বছরে ক্লাব ও জাতীয় দলের কয়েকটি ম্যাচ মিস করেছেন মেসি। গত বছরও লিগামেন্ট ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে ক্লাব ও দেশের হয়ে মোট ১০টি ম্যাচ মিস করেছিলেন তিনি।
আবারও ইনজুরি নিয়ে মাঠের বাইরে থাকায় মেসির ধারাবাহিক খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপের আর এক বছরেরও কম সময় বাকি থাকায় এ পরিস্থিতি বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন সমর্থকদের জন্য।
সমর্থকদের প্রত্যাশা একটাই ২০২৬ বিশ্বকাপে ইনজুরিমুক্ত মেসিকে দেখতে চান তারা। তবে এভাবে ঘনঘন ইনজুরিতে পড়তে থাকলে টানা ম্যাচ খেলার সুযোগ মেসির জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।