ঈশাখা নামক চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৫ যাত্রী

২২ আগস্ট, ২০২৫

ঢাকা থেকে কিশোরগঞ্জের তাড়াইল যাওয়ার পথে ঈশাখা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্থা থেকে তাড়াইল সড়কের নান্দাইল রোড এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।

এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাসে কমপক্ষে ১৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বাসটির চালক মো. ইসলাম উদ্দিন জানান, বাসটি প্রতিদিনের মতো ঢাকা থেকে তাড়াইল যাচ্ছিল। নান্দাইল চৌরাস্তা পার হয়ে তাড়াইল সড়কের মাছের আড়তের কাছে পৌঁছতেই হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যান। এরপর নান্দাইল উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

বাসের যাত্রীরা জানান, স্থানীয় মুশল্লী পাড় হওয়ার পর বাসে পোড়া গন্ধ পেয়ে বিষয়টি ড্রাইভার ও সুপারভাইজারকে জানান তারা। এক পর্যায়ে তারা স্প্রে দিয়ে গন্ধ দূর করার চেষ্টা করেন, তবে গন্ধ আরো তীব্র হয়ে যাওয়ার পর নান্দাইলে এসে চলন্ত অবস্থাতেই দেখা যায় আগুনের শিখা। তখন সব যাত্রী নেমে যান।

কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি পুরোপুরি পুড়ে যায়। বেশিরভাগ যাত্রীর লাগেজও পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, সিলিন্ডার থেকে সম্ভবত আগুনের সূত্রপাত হয়েছিল। এতে অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পায়।

জানতে চাইলে নান্দাইল ফায়ার সার্ভিসের রিডার মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে প্রায় ঘটনাস্থলে গেলেও এর আগেই প্রায় ৮০ ভাগ পুড়ে যায় বাসটি।

পরে কমপক্ষে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।