২৮ আগস্ট, ২০২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফায় বড় ধস নামায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্ত হওয়ার পর এ প্রথমবার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করতে যাচ্ছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও আলোচ্য বছরে সামান্য মুনাফা হয়েছে, তবে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লোকসান গুনতে হয়েছে।
ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, সুদের ব্যয় বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে আয় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
ডিএসইর তথ্য বলছে, ২০২৪ হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ৯ পয়সায়। আগের বছরে যা ছিল ৩ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ এক বছরে মুনাফা কমেছে ৬৭ দশমিক ৬৬ শতাংশ। এ সময় শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়। তবে নগদ পরিচালন সক্ষমতা ঋণাত্মক হয়ে পড়েছে। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪ টাকা ৫৫ পয়সা।
আগামী ১০ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ওই এজেন্ডাগুলো উপস্থাপন করা হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।
এদিকে চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। এর মধ্যে শেষ তিন মাসে (এপ্রিল-জুন) লোকসান হয়েছে শেয়ারপ্রতি ১ টাকা ৩৩ পয়সা। এতে শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য নেমে এসেছে ২০ টাকা ৫৩ পয়সায়। একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ আরও ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ৬৪ পয়সায়।