ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৯ আগস্ট, ২০২৫

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতার ঢাকা আঞ্চলিক পর্ব গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘সাফ ডটএআই’, ‘সোরাল্যাবস’ ও ‘রোবোরো’ দল। ফিউচার ইনোভেটর্স জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘যন্ত্রযোদ্ধা’, ‘সাইবার স্কোয়াড’, ‘ডাম্ব পটেটোস’ ও অপারেশন ভয়েড’ দল। এলিমেন্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘ম্যাকাট্রনস’ দল। স্পোর্টস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘টেক অটোক্র্যাটস’ দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারই প্রথম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের আঞ্চলিক পর্ব আয়োজন করা হচ্ছে। ফলে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পর্বগুলোতে ৮ থেকে ১৯ বছরের শিক্ষার্থীরা ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন ও রোবোস্পোর্টস বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আঞ্চলিক পর্বের বিজয়ীরা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতীয় পর্বে অংশগ্রহণ করবে। জাতীয় পর্বে বিজয়ী দলগুলো আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডব্লিউআরও) চূড়ান্ত আসরে অংশ নেবে।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ঢাকা আঞ্চলিক পর্বে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হাসান সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের আয়োজক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।