নুরের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ-সড়ক অবরোধ

৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে শহরের গুমগাছতলা এলাকার পুরাতন শহীদ স্মৃতিস্তম্ভের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।

এসময় হামলার প্রতিবাদ জানিয়ে ‘আমার ভাই আহত কেন? ইন্টেরিম জবাব চাই’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইউসুফ বিন নূরি বলেন, আওয়ামী লীগের দোসরেরা পরিকল্পিতভাবে ভিপি নূর ভাইকে মেরেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেই তারা আছে, অনতিবিলম্বে জড়িতদের শাস্তি না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।

তাৎক্ষণিক এ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা কক্সবাজারের ছাত্র প্রতিনিধি এসএস সাগর, রিয়াদ মণি, শাহাবউদ্দিনসহ অনেককে অংশ নিতে দেখা গেছে।

রিয়াদ মণি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ভিপি নুরের ওপর হামলা, স্বৈরাচার পতনে ভূমিকা রাখা সবার কাছে অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আওয়ামী লীগের সহচর দল জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের জোর দাবি করছি।

কক্সবাজার শহর ছাড়াও উখিয়া ও চকরিয়ায় একই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন গণঅধিকারের নেতাকর্মীরা। কিছু সময়ের জন্য যানবাহন চলাচল স্থির হয়ে পড়লেও কর্মসূচি শেষে স্বাভাবিক হয়।