এশিয়া কাপের সুপার ফোরে খেলা নিয়ে আশাবাদী নান্নু

১৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের শুরুটা ভালো করলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে কঠিন অবস্থায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন আফগানিস্তানের বিপক্ষে ভালো রান রেটে জিততে না পারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, সুপার ফোরে উঠতে হলে রান রেট ধরে রেখে এগিয়ে যাওয়া জরুরি। শ্রীলঙ্কার বিপক্ষে হারের প্রসঙ্গে তিনি বলেন, ম্যাচটা যথেষ্ট হতাশাজনক ছিল এবং সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি।

তিনি মনে করেন, টস জিতে আগে ব্যাটিং না করার সিদ্ধান্ত দলের আত্মবিশ্বাসের ঘাটতির প্রমাণ, আমাদের আত্মবিশ্বাসের অভাব এখান থেকেই বোঝা যায়। এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। এখন টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে কিভাবে পরবর্তী ম্যাচ খেলবে।

যদিও বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে, তবুও নান্নু সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা দেখছেন। তার ভাষায়, অবশ্যই এখনো সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ বাকি আছে, আমাদের আফগানিস্তানের সাথে খেলতে হবে। তাই সুপার ফোরের দরজা এখনো খোলা।

সবমিলিয়ে, আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটের লড়াইও হবে টাইগারদের জন্য সুপার ফোরে যাওয়ার প্রধান শর্ত।