একাদশে ভর্তি: বাদ পড়া শিক্ষার্থীদের ব্যাপারে যা জানাল বোর্ড

১৫ সেপ্টেম্বর, ২০২৫

চলতি শিক্ষাবর্ষের ২০২৫-২৬ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে আবেদন করেও অনেকে পছন্দের কলেজ পাননি। তাদের জন্য চতুর্থ ধাপে আবেদনের কথা ভাবছে শিক্ষা বোর্ড। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন একাদশে ভর্তি কমিটির দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশের সব কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং একাদশে ভর্তি কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো. রিজাউল হক বলেন, ভর্তি নীতিমালা অনুসারে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়ে গেছে। এখন যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য কী করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য শেষের দিকে চতুর্থ ধাপে আবেদন নেওয়া হবে। সেখানে সবাইকে আবেদন করতে হবে। যেসব কলেজে আসন ফাঁকা রয়েছে, সেগুলো পছন্দক্রম দিতে হবে। তাহলে তারা কলেজে পেয়ে যাবে।

অধ্যাপক রিজাউল হক আরও বলেন, যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছুই নেই। তারা আবারও আবেদন করার সুযোগ পাবে, এটা নিশ্চিত।