১৬ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ যেকোনো ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ আদেশ দেন আদালত।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ারও আদেশ দেওয়া হয়। এক রিট আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ সমন্বয়ক আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জন এই রিট করেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ানবাজার থেকে পলাশী পর্যন্ত অংশ নির্মাণ বাতিলের দাবি জানিয়ে দীর্ঘদিন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন।
সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটকারীরা।