১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার ইবাদত হোসেন চৌধুরী। এবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিন তিনি অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বেলা ১১টায় কাঁঠালতলী ঈদগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গণমাধ্যমকে ইবাদত জানান, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিললেন তাঁর বাবা। বাবার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। সম্প্রতি অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে।
নিজাম উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে। তবে বর্তমানে পরিবার নিয়ে একই ইউনিয়নের রুকনপুর গ্রামে বসবাস করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছয় ছেলে-মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।