২১ সেপ্টেম্বর, ২০২৫
অর্থনৈতিক অনটনে থমকে যেতে বসেছিল রাজবাড়ীর মেধাবী শিক্ষার্থী লাবনী আক্তারের অনার্সে ভর্তির স্বপ্ন। চোখের সামনে যখন উচ্চশিক্ষার দুয়ার বন্ধ হয়ে আসছিল, তখন আশার আলো হয়ে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ, রাজবাড়ী জেলা শাখা। শুভসংঘের সহায়তায় এবং রাজবাড়ীর বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুস সালাম মিয়ার সহযোগিতায় লাবনীর ভর্তির সম্পূর্ণ ব্যয় বহনের ব্যবস্থা করা হয়। বসুন্ধরা শুভসংঘ, রাজবাড়ী জেলা শাখার এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন লাবনী এবং তার মা রুমা বেগম। রুমা বেগম বলেন, মেয়ের ভর্তির জন্য অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। শুভসংঘের সদস্যরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমি কোনো দিন ভুলতে পারব না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. আব্দুস সালাম মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, কছিমউদ্দিন বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক সেলিনা খাতুন, সহ-সভাপতি ও শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক ও অংকুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও শুভসংঘের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথি মো. আব্দুস সালাম মিয়া বলেন, শুভসংঘের এই মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয়।এর ফলে মেধাবী ছাত্র-ছাত্রীরা আর অর্থের অভাবে ঝরে পড়বে না; বরং তারা উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে। আমি চাই, এ কার্যক্রম আরো বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ুক।