২৪ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। তারা বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানান, ধর্মগঞ্জ এলাকার মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইক চালানোর সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়দের সহায়তায় খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি হয়নি। হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।