কালীগঞ্জে প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর..

২৬ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাচ্চু মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী টুনি খাতুন। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাচ্চু মিয়া কাঁচামালের ব্যবসায়ী।

তিনি ব্যবসায়িক সূত্রে কালীগঞ্জের নদীপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তবে কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা তিনি।

অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, বিবাহ বিচ্ছেদের পর থেকে আমরা আলাদা বসবাস করি। ওই ব্যক্তি নদীপাড়ায় ভাড়া থাকেন।

তিনি একজন চরিত্রহীন ব্যক্তি। তার বাড়িতে আমার মামাতো বোন কাজ করেন। সম্প্রতি তাকে আমি কাজ না করার কথা বলি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে কালীগঞ্জ ছাড়া করার হুমকি দেন।

বিকেল ৪টার দিকে তার বসতবাড়ির সামনে গেলে তিনি আমাকে আবারো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি গালাগাল করার প্রতিবাদ করলে তিনি ঘর থেকে বাঁশ এনে মাথাসহ আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাচ্চু মিয়া কাঁচামালের ব্যবসা করেন। সেই সুবাদে তিনি কালীগঞ্জে বসবাস করেন।

কুমিল্লার লাকসামে তার স্ত্রী ও সন্তান রয়েছে। ২০০৮ সালের দিকে কালীগঞ্জে টুনি খাতুনকে বিয়ে করেন তিনি। এরপর গত ৫ বছর আগে টুনি খাতুনকে তালাক দেন। ১২ বছর টুনির সঙ্গে দাম্পত্য জীবন কাটান বাচ্চু মিয়া। বাচ্চুর নারীঘটিত কাহিনির জন্য টুনির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। বাচ্চু মিয়া নদীপাড়ার এই ভাড়া বাড়িতে বিভিন্ন সময় নারী নিয়ে আসেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে বাচ্চু মিয়ার ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই নারী লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।