২৬ সেপ্টেম্বর, ২০২৫
২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপ হবে একসঙ্গে তিন দেশে—কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। আর এই আসরের মাসকটও থাকছে তিনটি। এবার পরিচয় হলো কানাডার ‘ম্যাপল দ্য মুস’, যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বল্ড ঈগল’ আর মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’-এর সঙ্গে।
ফিফা এক বিবৃতিতে বলেছে, এটি হবে ‘একটি উদযাপন, যা টুর্নামেন্টের মতোই সাহসী ও সীমা ভেঙে দেওয়া।’ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২৬ বিশ্বকাপ দলের পরিবার আরও বড় হলো, আরও মজার হলো।’
কাতার বিশ্বকাপের মাসকট ছিল ‘লাইব’, যা আরব সংস্কৃতির সঙ্গে ফুটবলের মেলবন্ধন ঘটিয়েছিল। এবার তিন মাসকটকে সাজানো হয়েছে দেশগুলোর সংস্কৃতি আর প্রতীককে সামনে রেখে।
যুক্তরাষ্ট্রের মাসকট ক্লাচকে বলা হয়েছে ‘অ্যাডভেঞ্চারপ্রেমী আর মাঠে সাহসী’। তবে অনেকে মনে করছেন, ঈগলকে ফুটবলারের রূপ দেওয়া কিছুটা অন্যায্য—কর্নারের সময় তো বিশাল সুবিধা থাকবে, পায়ের বদলে ডানার ব্যবহার করে উড়ে উড়ে গিয়ে হেড করা যে ভারি সহজ কাজ! নাম নিয়েও মজা হচ্ছে। অনেকের মতে, ‘ক্লাচ’ নামটা যুক্তরাষ্ট্রের আত্মগর্বের প্রতিফলন।
কানাডার মাসকট ম্যাপলকে পরিচয় করানো হয়েছে ‘স্ট্রিট-স্টাইল পছন্দ করে, সংগীত ভালোবাসে আর গোলরক্ষক হিসেবে খেলায় নিবেদিত’ বলে। অনেকে নামটিকে সাধারণ মনে করলেও ফিফা বলছে, ম্যাপল সৃজনশীলতা আর স্থিতিশীলতার প্রতীক।
মেক্সিকোর জায়ু বাঘকে নিয়ে তৈরি, যা শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে। ফিফা জানিয়েছে, ‘জায়ু ঐক্য, শক্তি আর আনন্দের প্রতীক। এটি সংস্কৃতির উদযাপন করে আর সীমানার বাইরে গিয়ে মানুষকে এক সুতোয় গাঁথে।’
এই তিন মাসকটকে নিয়ে ফিফা ‘ফিফা হিরোজ’ নামে নতুন একটি ভিডিও গেমও আনছে। সেখানে খেলোয়াড়রা ম্যাপল, ক্লাচ আর জায়ুকে নিয়ে পাঁচজনের দলে খেলতে পারবে।