মাদারীপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০০ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২

২৮ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০০ কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়। যৌথ অভিযান চালিয়ে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটিতে এই অভিযান চালানো হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— ওই গ্রামের মৃত মতলেব দর্জির ছেলে নান্নু দর্জি (৬২), একই গ্রামের মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। এ সময় পুলিশের উপস্থিতি টের একই গ্রামের ইব্রাহিম দর্জির ছেলে এনামুল দর্জি (৪২) ও নান্নু দর্জির ছেলে সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন থেকে এক মাদক কারবারি চক্র সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে পাইকারী ও খুচরা মাদক বিক্রি করে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে নান্নু দর্জি ও নুরু দর্জি নামে শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় ঘরের ভেতরের খাটের নিচে থাকা ৯ বস্তায় ৫০টি প্যাকেটে থাকা ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গ্রেফতার দুইজনের সহযোগী এনামুল দর্জি ও সুমন দর্জি।

জব্দ করা গাঁজার চালান যশোরের বেনাপোল হয়ে মাদারীপুরে আসে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে এই মাদক ছড়িয়ে দেওয়ায় আটকদের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আরও জানান, এই ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর গ্রেফতারদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে, পলাতক এনামুলের নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল হুদাসহ সঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।