সালফে সালেহিন: আদর্শ উম্মতের জীবনদর্শন

২৯ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামের ইতিহাসে সালফে সালেহিন বলতে বোঝায় সেই পুণ্যবান পূর্বসূরীদের, যারা রাসুলুল্লাহ (স.)-এর প্রত্যক্ষ সান্নিধ্যে অথবা তাঁর শিক্ষা ও নির্দেশনার আলোকে গড়ে ওঠা পরবর্তী প্রজন্মের মাধ্যমে ইসলামের বিশুদ্ধ আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। তাঁরা ছিলেন বিশ্বাস, আমল, চরিত্র ও আখলাকের সর্বোচ্চ উদাহরণ, যাদের জীবনধারা আজও মুসলমানদের জন্য পথনির্দেশক।

রাসুলুল্লাহ (স.) এ প্রজন্মের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বলেছেন, ‘সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, এরপর যারা তাদের পরে আসবে, এরপর যারা তাদের পরে আসবে।’ (সহিহ বুখারি: ৬৬৫৮)

সালফে সালেহিন কারা?

ইতিহাসবিদ ও ইসলামি গবেষকদের মতে, সালফে সালেহিন বলতে মূলত তিন প্রজন্মকে বোঝায়- ১. সাহাবায়ে কেরাম (রা.): নবী (স.)-এর সরাসরি সাহচর্যে থাকা সাহাবিগণ, ২. তাবেঈন (রহ.): সাহাবাদের সাক্ষাৎপ্রাপ্ত ও তাঁদের থেকে শিক্ষা গ্রহণকারী প্রজন্ম, ৩. তাবে-তাবেঈন (রহ.): তাবেঈনদের সাক্ষাৎপ্রাপ্ত পরবর্তী প্রজন্ম।

এই তিন প্রজন্মই ইসলামি ইতিহাসে ‘সর্বোত্তম যুগ’ হিসেবে স্বীকৃত, যাদের জীবনধারাই প্রকৃত মুসলিম সমাজের ভিত্তি গড়ে দেয়।

অনুসরণের আদেশ

কোরআন ও হাদিসে স্পষ্টভাবে সালাফদের পথ অনুসরণের নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১)

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমরা আমার সুন্নত ও হেদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতের ওপর অবিচল থাকো। এগুলো তোমরা চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে।’ (সুনান তিরমিজি: ২৬৭৬)

সালাফদের জীবনদর্শনের বৈশিষ্ট্য

১️. চারিত্রিক উৎকর্ষ: সালফে সালেহিন ছিলেন নৈতিক গুণাবলীর জীবন্ত উদাহরণ। তারা ছিলেন বিনয়ী, ধৈর্যশীল, দয়ালু ও উদার। অসৎ কাজ থেকে দূরে থাকা, সত্যের পথে অবিচল থাকা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করা ছিল তাঁদের স্বভাবজাত বৈশিষ্ট্য।

২️. ইবাদতে নিষ্ঠা: আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সালাফগণ ইবাদতে গভীর নিষ্ঠা দেখাতেন। তারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, রোজা ও জিকিরে নিজেকে নিয়োজিত রাখতেন এবং আল্লাহর স্মরণ থেকে কখনো বিরত থাকতেন না।

৩️. জামাতের গুরুত্ব: তাঁরা জামাতে নামাজ আদায়ে কখনো অবহেলা করতেন না। আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর জীবনীতে জানা যায়, যদি কখনো জামাত ছুটে যেত, তিনি সারাদিন রোজা রাখতেন, রাতভর ইবাদত করতেন এবং একজন দাসকে মুক্ত করে দিতেন।

৪️. রাত জেগে ইবাদত: রাত্রি জাগরণ সালাফদের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। আমের ইবনে আবদুল্লাহ (রহ.) বলতেন, ‘দিনে রোজা রাখা এবং রাতে ইবাদত করা আমার কাছে বিশেষ কিছু নয়।’ (সিলসিলাতু উলুউল হিম্মাহ: ১৬/১০)

৫️. দুনিয়াবিমুখতায় তৃপ্তি: সালাফগণ দুনিয়ার বিলাসিতা ও ভোগবাদের প্রতি বিমুখ ছিলেন। নবী (স.) তাঁর কন্যা ফাতিমা (রা.)-কে গৃহপরিচারকের পরিবর্তে শয়নকালে তাসবিহ পাঠের শিক্ষা দিয়েছিলেন। আর সেই আদেশই তিনি মেনে চলতেন তৃপ্তির সাথে। হাদিস- ‘তোমরা শয়নকালে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে।’ (সহিহ বুখারি: ৫৩৬২)

৬. দ্বীনের জন্য জান-মাল দিতে প্রস্তুত: সালাফরা দ্বীন ইসলামের জন্য সর্বদা জান-মাল দিতে প্রস্তুত থাকতেন। ‘কিন্তু রাসুল ও তার সঙ্গে মুমিনরা তাদের জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করে, আর সেসব মানুষের জন্য যাবতীয় কল্যাণ। আর তারাই সফল।’ (সুরা তাওবা: ৮৮)

৭. আমলের ধারাবাহিকতা: সালাফগণ নবীজির কোনো নির্দেশ পেলে সাথে সাথে তা বাস্তবায়ন করতেন এবং আজীবন তা অব্যাহত রাখতেন। আমলে স্থিরতা ও ধারাবাহিকতা ছিল তাঁদের জীবনের মূলনীতি।

৮. আমল কবুল না হওয়ার ভয়: তাঁরা সর্বদা আশঙ্কা করতেন যে, হয়তো তাঁদের ইবাদত কবুল নাও হতে পারে। হাদিসে এসেছে, ‘...বরং এরা হলো ওই সব লোক, যারা সিয়াম পালন করে, সালাত (নামাজ) আদায় করে, সদকা দেয়। অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা, যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী।’ (তিরমিজি: ৩১৭৫)

সালফে সালেহিনের জীবনদর্শন শুধু ইতিহাস নয়, এটি আজও মুসলমানদের জন্য আদর্শ পথনির্দেশ। তাঁদের বিনয়, ঈমান, ইবাদত, ত্যাগ ও নৈতিকতার আদর্শ অনুসরণ করলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত ইসলামি আদর্শ বাস্তবায়ন সম্ভব।

আসুন, আমরা তাঁদের পদাঙ্ক অনুসরণ করে জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি। হে আল্লাহ! আমাদেরকে সালফে সালেহিনের পথে চলার তাওফিক দিন এবং তাঁদের আদর্শে জীবন গড়ে তুলতে সহায়তা করুন। আমিন।