ছারপোকা দমনের ওষুধে যুবকের মৃত্যু

০৩ অক্টোবর, ২০২৫

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় ছারপোকা দমনের ওষুধে বিষক্রিয়ায় মো. জীবন হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা বাবা নুর ইসলাম জানান, তিনি ও তার ছেলে জীবন মিলে ভাঙারি ব্যবসা করতেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসার সব কক্ষে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে ব্যবসার কাজে বের হয়ে যান। পরিবারের অন্য সদস্যরা সেদিন রাতে আত্মীয়ের বাসায় চলে যান। পরে জীবন বাসায় ফিরে নিজের রুমে জানালা-দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে।

নুর ইসলাম আরও জানান, সকালে তিনি বাসায় ফিরে ছেলের রুমের দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায় না। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন জীবন অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুতই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাকিয়াপাড়া গ্রামে। বর্তমানে তারা লালবাগ শহীদনগর জে এস শাহ রোডের ১৭৬/সি/৬ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত জীবন এক সন্তানের জনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।