কাঠের আসবাব থেকে ছত্রাক দূর করার উপায়

০৪ অক্টোবর, ২০২৫

বাড়িতে কাঠের আসবাব থাকলে সেদিকে একটু বেশিই যত্নশীল হতে হয়। কেননা কাঠের আসবাব যত পুরনো হয়, এর উজ্জ্বলতা তত হারায়। কেবল উজ্জ্বলতা কমে যাওয়া নয়। অনেকসময় কাঠের গায়ে ছত্রাকও পড়ে। 

কাঠের আসবাবে ছত্রাক পড়লে দ্রুত তা নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়ে নজর রাখা জরুরি। কীভাবে কাঠের আসবাবকে ছত্রাকমুক্ত রাখবেন। চলুন জেনে নিই- 

বার্নিশ 

কাঠের আসবাবকে ছত্রাকমুক্ত রাখতে ভরসা রাখুন বার্নিশে। যারা কাঠের কাজ করেন তাদের দিয়ে বছরের দুই বার আসবাব বার্নিশ করে নিন। সম্ভব না হলে অন্তত একবার কাজটি করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভালো থাকবে। নিয়মিত এমনটা করলে কাঠের আসবাব বহুদিন চলবে।

পায়ার নিচে ধাতব 

কাঠের আসবাব কি মাটি ছুঁয়ে আছে? তাহলে সেখান থেকেও বাষ্প ওপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলোর তলায় ধাতব কিছু রেখে দিন। এতে সমস্যা মিটবে।

ধুলো পরিষ্কার রাখুন 

আসবাবের ওপর বর্ষাকালে বেশি ধুলা জমতে দেবেন না। ধুলা বাতাসের জলীয়বাষ্প টেনে আনে। তাই নিয়মিত কাঠের আসবাব পরিষ্কার করুন।

ভেজা কাপড় নয় 

আসবাবের ওপরে জমা ধুলা পরিষ্কার করতে ভেজা কাপড় একেবারেই ব্যবহার করবেন না। এতে ছত্রাক তো দূর হবেই না, বরং বাড়বে আরও। 

তেল ব্যবহার করবেন না 

বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটসাঁট হয়ে গেলে তেল দেবেন না। এতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা দূর করতে স্প্রে মোম ব্যবহার করতে পারেন। 

এছাড়াও কাঠের আসবাব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। সঙ্গে খেয়াল রাখবেন বৃষ্টির পানি যেন কোনোভাবে কাঠের আসবাবের গায়ে না লাগে। কোনো কারণে কাঠের আসবাবে পানি পড়লে, সঙ্গে সঙ্গে মুছে নিন। কাঠের আসবাবে পানি থেকে গেলে ছত্রাকের আশঙ্কা বেড়ে যায়।