খালি পেটে চা পানের অভ্যাস, হতে পারে যেসব শারীরিক ক্ষতি

১৩ অক্টোবর, ২০২৫

অনেকেই সকালে ঘুম থেকে উঠে চা পানকে দিনের শুরু হিসেবে নেন। তবে খালি পেটে চা পান করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পেটে কিছু না রেখেই চা পান করলে তা নানা শারীরিক সমস্যা ডেকে আনতে পারে। চলুন জেনে নিই, খালি পেটে চা পান করলে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

অ্যাসিডিটির সমস্যা বাড়ে
সকালে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

নিয়মিত এমন অভ্যাস হজমে ব্যাঘাত ঘটাতে পারে এবং ধীরে ধীরে গ্যাস্ট্রিক বা আলসারের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে।

বমিভাব ও পেটব্যথা
চায়ের মধ্যে থাকা কিছু উপাদান খালি পেটে সমস্যা তৈরি করতে পারে। এতে গা গুলানো, পেটে ব্যথা বা অস্বস্তির অনুভূতি হতে পারে।

আয়রন শোষণে সমস্যা
চায়ে রয়েছে ট্যানিন, যা শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়।

ফলে রক্তস্বল্পতা বা দুর্বলতা দেখা দিতে পারে, বিশেষত যারা আগে থেকেই আয়রনের ঘাটতিতে ভুগছেন।

পেটে জ্বালা
অনেকদিন ধরে খালি পেটে চা পান করলে পাকস্থলীতে জ্বালাভাব তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।

মানসিক অস্থিরতা বা অ্যাংজাইটি
চায়ে থাকা ক্যাফেইন উদ্বেগ বা অ্যাংজাইটির মাত্রা বাড়াতে পারে। খালি পেটে চা খেলে এই প্রভাব আরো তীব্র হয়, যা মন-মেজাজ খারাপ করার পাশাপাশি ঘনঘন মাথা ধরার কারণও হতে পারে।

হরমোনের ভারসাম্য নষ্ট
নিয়মিত খালি পেটে চা পান করার ফলে হরমোনের ভারসাম্যেও প্রভাব পড়তে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।

কোন চা-ই নিরাপদ নয় খালি পেটে
হোক সেটা লিকার চা, দুধ চা, গ্রিন টি বা হার্বাল টি; কোনো ধরনের চা-ই খালি পেটে পান করা উচিত নয়। এর ফলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই চা খাওয়ার আগে অবশ্যই কিছু হালকা খাবার খেয়ে নেওয়াই ভালো। যেমন বিস্কুট, শুকনো ফল বা অল্প কোনো স্ন্যাকস।