১৯ অক্টোবর, ২০২৫
ঢাকার দোহারে পদ্মা নদীর শাখা খালে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুরুলিয়া সংলগ্ন পদ্মা নদীর শাখা খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম ইফতেফার (১০)। সে ওই এলাকার ইসমাইল শিকদারের মেয়ে।
স্থানীয়রা জানান, আজ দুপুর ২টার দিকে তিনজন সমবয়সী শিশু একসঙ্গে গোসল করতে যায়। দু’জন গোসল শেষে উঠতে পারলেও ইসমাইল শিকদারের মেয়ে ইফতেফার নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।
এ সময় ৯৯৯-এ ফোন দিয়ে দোহার ফায়ার সার্ভিস স্টেশনে নিখোঁজের খবর জানালে দোহার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করেন। পরে সন্ধ্যা নেমে আসায় উদ্ধার কার্যক্রম স্থগিত করেন।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ‘পদ্মা নদীর শাখা খালে পুরুলিয়া এলাকায় ১০ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে। সন্ধ্যা নেমে আসায় উদ্ধার আপাতত স্থগিত করা হয়েছে। রোববার সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধারকাজ পরিচালনা করবে।