জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব

৩১ অক্টোবর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নাহরিন ইসলামকে হুমকি দেওয়ার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের উদ্দেশে প্রেরিত কয়েকটি অশোভন, আক্রমণাত্মক ও হুমকিমূলক ইমেইল সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে যেরকম আক্রমণাত্মক মন্তব্য ও অবমাননাকর বক্তব্য ব্যবহার করা হচ্ছে, তা কেবল অশালীন ও নিন্দনীয় নয় বরং শিক্ষক সমাজের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার পরিপন্থি।

ইউট্যাব মনে করে, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বিভিন্ন টকশো ও গণমাধ্যমে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বর্তমান রাজনৈতিক অবস্থান ও অতীতের স্বাধীনতাবিরোধী ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেওয়ার কারণেই এই হুমকিমূলক ইমেইলগুলো পাঠানো হয়েছে।

তারা আরো বলেন, একজন শিক্ষককে হুমকি দেওয়া বা তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি দেশের শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার পরিবেশের ওপর সরাসরি আঘাত। শিক্ষকরা সমাজের বিবেক এবং জ্ঞান বিতরণের অগ্রদূত; তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে মুক্তবুদ্ধি চর্চা ও স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়।

কেননা, একটি মুক্ত গণতান্ত্রিক সমাজে যে কোনো নাগরিক তার যুক্তিনির্ভর মতামত প্রকাশ করতে পারেন। মত প্রকাশের স্বাধীনতা দমন বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তা সীমিত করার প্রচেষ্টা গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে।