০২ নভেম্বর, ২০২৫
একসময় ওয়াশিং মেশিন ছিল বিলাসিতার প্রতীক। তখন শুধুমাত্র বিত্তশালীদের ঘরেই দেখা যেত এই যন্ত্র। কিন্তু এখন যেমন ফ্রিজ প্রতিটি বাড়ির অপরিহার্য জিনিস, ওয়াশিং মেশিনও ঠিক তেমনই প্রয়োজনীয় হয়ে উঠেছে, বিশেষ করে শহুরে জীবনে।
এই মেশিন সময় বাঁচায়, আবার কাজের লোকের খরচও কমায়। তবে অনেকেই অজান্তেই এমন একটি ছোট ভুল করেন, যা দীর্ঘমেয়াদে ওয়াশিং মেশিন ও কাপড় দুটোরই ক্ষতি করে।
আমরা অনেকেই কাপড় ধোয়ার পরপরই মেশিনের ঢাকনা বন্ধ করে দিই। এই সামান্য ভুলের কারণেই মেশিনের ভেতরে দুর্গন্ধ, ছত্রাক এবং ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রের কার্যক্ষমতা কমে যায়, এমনকি ধোয়া কাপড়েও গন্ধ লেগে থাকতে পারে।
চলুন জেনে নেওয়া যাক কেন কাপড় ধোয়ার পর ওয়াশিং মেশিনের ঢাকনা কিছুক্ষণ খোলা রাখা জরুরি—
১. আর্দ্রতা ও দুর্গন্ধ প্রতিরোধে কার্যকর
ধোয়ার পর মেশিনের ভেতরে সামান্য আর্দ্রতা থেকে যায়। ঢাকনা বন্ধ রাখলে বাতাস চলাচল বন্ধ হয় এবং সেই আর্দ্রতায় ছত্রাক ও ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এর ফলেই মেশিনে দুর্গন্ধ তৈরি হয়।
২. মেশিনের অংশ শুকনা রাখে
ওয়াশিং মেশিনের ড্রাম, রাবার গ্যাসকেট ও ডিটারজেন্ট ডিসপেনসারে পানি জমে থাকে। ঢাকনা খোলা রাখলে এগুলো দ্রুত শুকিয়ে যায় এবং যন্ত্রাংশের আয়ু বাড়ে।
৩. স্বাস্থ্যবিধি রক্ষায় সহায়ক
মেশিনের ভেতরে থাকা ব্যাকটেরিয়া পোশাকে অ্যালার্জি বা ত্বকের জ্বালা সৃষ্টি করতে পারে। তাই ঢাকনা খোলা রাখা শুধু মেশিনের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও জরুরি।
৪. কতক্ষণ খোলা রাখবেন?
কাপড় ধোয়ার পর অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত ঢাকনা খোলা রাখা উচিত। আবহাওয়া আর্দ্র হলে আরও কিছুক্ষণ খোলা রাখা ভালো।
সবদিক বিবেচনায় দেখা যায়—ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর কিছু সময়ের জন্য ঢাকনা খোলা রাখা একটি সহজ অভ্যাস, যা দুর্গন্ধ ও ছত্রাক রোধ করে মেশিনের আয়ু বাড়ায় এবং কাপড়কেও রাখে সতেজ।