০৭ নভেম্বর, ২০২৫
ইসলামি বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সম্প্রতি এমন এক অনুষ্ঠানে এক দর্শক জানতে চান—পুরুষদের জন্য লাল ও হলুদ রঙের পোশাক পরা কি হারাম, এবং এর কারণ কী?
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, লাল ও হলুদ পোশাক পরা হারাম এটা সরাসরি বলা কঠিন। বিভিন্ন হাদিসে একদম টকটকা লাল ও হলুদ যেখানে কোনো মিশ্রণ নাই- এ দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম (সা.) থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফোকাহেতরা মাকরুহ বলেছেন, যা অপছন্দনীয়, অনুত্তম ও অনুচিত। অর্থাৎ একদম পিওর লাল ও হলুদ রঙের পোশাক পরা অনুচিত পুরুষের জন্য।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এখন আপনি যদি বলেন- এটা কিসের জন্য নিষেধ করা হয়েছে। আমি বলব এটা নারীদের জন্য রিজার্ভ। অন্যান্য কালার যে কেউ পরতে পারেন, তবে লাল ও হলুদ নারীদের জন্য স্পেশাল। পোশাকের ক্ষেত্রে নারীরা যে কোনো কালার পরতে পারবেন। তবে পুরুষের ক্ষেত্রে সেটা রেস্ট্রিকশন আছে। যেমন- রেশম বা সিল্ক নারীরা পরতে পারবেন, পুরুষদের রেস্ট্রিকশন আছে। স্বর্ণ নারীরা পরতে পারবেন কিন্ত পুরুষরা না।