ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত

২৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের দ্রুত বিকাশমান অনলাইন পর্যটন শিল্পকে আরও সংগঠিত, দক্ষ ও আধুনিকভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছর- ২৫ নভেম্বর ২০২৫ থেকে ২৪ নভেম্বর ২০২৭, সংগঠনের নীতি ও উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণে মোট ১১৪ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মো. ইমরানুল আলম সভাপতি এবং দিন ইসলাম রাজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অন্যান্য পদে জয়ী হয়েছেন তারা হলেন সহ-সভাপতি বাতেন ও জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল হাসান ইমন।

এছাড়া অর্থ সম্পাদক পদে তারেক আজিজ, সহ অর্থ সম্পাদক পদে ইউসুফ রানা, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম পাপন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরুন নাহার মৌ, অফিস সম্পাদক পদে মুশফিকুর রহমান রুম্মান, সহ অফিস সম্পাদক পদে সাব্বির খান, আইন সম্পাদক পদে শফি মুহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফুর রহমান রিমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জিন্নাহ মোহাম্মদ ইশতিয়াক পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জুবায়ের হাসান,, নারী বিষয়ক সম্পাদক পদে মাহবুবা মঞ্জুর, কার্যনির্বাহী সদস্য পদে মনজুরুল ইসলাম, মাইনুল ইসলাম রাজু, সোয়েব সুমন।

নির্বাচিতদের নাম ঘোষণার পর উপস্থিত সদস্যরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আগামী দুই বছরের জন্য তাদের প্রতি আস্থা ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি মো. ইমরানুল আলম বলেন, “বাংলাদেশের ই-ট্যুরিজম খাত এখন সম্ভাবনার এক নতুন দ্বারপ্রান্তে।আমরা চাই প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ কাজে লাগিয়ে দেশের পর্যটন সেবা আরও সহজসাধ্য ও বিশ্বাসযোগ্য করতে। ইটাব সেই পরিবর্তনের অগ্রভাগে থাকবে।”

সাধারণ সম্পাদক দিন ইসলাম রাজ বলেন, “স্বচ্ছতা, আধুনিকায়ন এবং উদ্যোক্তা-বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে আমাদের প্রধান অঙ্গীকার। সদস্যদের ব্যবসা ডিজিটালি শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তি ও সহায়তা নিশ্চিত করা হবে।”

ইটাবের সদস্যরা মনে করেন, নতুন নেতৃত্ব দেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি পর্যটন সেবা ডিজিটালাইজেশন, তথ্য নিরাপত্তা এবং অনলাইন ব্র্যান্ডিংকে আরও গতিশীল করার মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে ই-ট্যুরিজম খাতের সামনে একটি উন্নয়নমুখী, লক্ষ্যভিত্তিক ও প্রযুক্তি-সমৃদ্ধ যাত্রা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহসীন উল হাকিম। সহ নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মীর শামসুল আলম বাবুসহ ৩ জন।