ধর্মেন্দ্রর মৃত্যুর চারদিন পর নিরবতা ভাঙলেন হেমা মালিনী

২৭ নভেম্বর, ২০২৫

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পর নিরবতা ভেঙলেন তার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। ‘হি ম্যান’ খ্যাত তারকা চলে যাওয়ার চারদিন পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিকমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন হেমা। 

প্রায়ত অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, তিনি ছিলেন আমার সবকিছু—এক স্নেহময় স্বামী, আমাদের দুই মেয়ে ঈশা ও আহানার বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক এবং যেকোনো প্রয়োজনে আমার ভরসার মানুষ। ভালো-মন্দ সব পরিস্থিতিতেই তিনি সবসময় পাশে ছিলেন। তাঁর বন্ধুত্বপূর্ণ আচরণ, সকলের প্রতি স্নেহ এবং আগ্রহের কারণে তিনি আমার পরিবারের প্রতিটি সদস্যের মন জয় করে নিয়েছিলেন।’

এরপর তিনি যোগ করেন, ‘এত জনপ্রিয়তা সত্ত্বেও তাঁর বিনয়ী মনোভাব কিংবদন্তি অভিনেতাদের মধ্যে এক অন্যতম আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছে। চলচ্চিত্র শিল্পে তাঁর অর্জন চিরকাল স্থায়ী হয়ে থাকবে।’

সবশেষে হেমা মালিনি লিখেছেন, ‘ধর্মেন্দ্র চলে যাওয়ার কারণে আমার জীবনে যে শূন্যতা তৈরি হলো তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শূণ্যতা সারাজীবন থেকে যাবে। এতগুলো বছর একসাথে কাটানোর পর এখন কেবল বিশেষ মুহূর্তের স্মৃতি রয়ে গেল। এই স্মৃতি আকড়েই আমি বাকি জীবনটা বেঁচে থাকব।’

১৯৮০ সালে হেমার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধর্মেন্দ্র। চার দশকের বেশি সময় তাদের দাম্পত্য জীবনে একে-অপরের প্রতি ভালোবাসা ও গভীর বন্ধন অটুট ছিল। ধর্মেন্দ্র ও হেমা মালিনী একসঙ্গে ৪০টিরও বেশি সিনেমায় কাজ করেন। এসব সিনেমার মধ্যে অন্যতম ‘শোলে’, ‘নসীব’, ‘আলিবাবা অউর ৪০ চোর’,‘ছোট্ট সি বাত’, ‘তুম হাসিন ম্যায় জওয়ান’।