দুই গ্রামের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

২৮ নভেম্বর, ২০২৫

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রবিউল আলম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবিউল আলম উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামের মৃত চান মিয়া মাস্টারের ছেলে।

এর আগে বুধবার রাতে উপজেলার ইটাখলা ও মোবারকপুর গ্রামের দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কির জেরে উভয় গ্রামের কয়েকশত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এদিকে গুরুতর আহত রবিউল আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আর অন্য আহতরা নেত্রকোনা সদর হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার সকালে রবিউল আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আশঙ্কায় আটপাড়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ব্রুজের বাজারে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখছেন। ফলে পুরো এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।

ব্রুজের বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, দুই গ্রামের সংঘর্ষে বুধবার রাতে একাধিক ব্যবসায়ীর দোকান ভাঙচুরসহ আগুন দেওয়া হয়। এতে তারা ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ রেখেছেন।

নিহত রবিউল আলমের ভাই সুমন মিয়া শুক্রবার বিকাল ৫টার দিকে জানান, ময়নাতদন্ত শেষে লাশ বুঝে নিতে সময় লাগছে। রাতে লাশ নিয়ে বাড়ি ফিরব। দাফন শেষে এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। সংঘর্ষজনিত কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।