রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

১৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি  ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় সূত্রে জানা গেছে- জান্নাত আরা রুমি এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন বলেন, রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, আত্মহত্যা হতে পারে।