সকালের নাস্তা না খেলে শরীরে যেসব ক্ষতি হয়

২০ ডিসেম্বর, ২০২৫

সকালের নাস্তা না খাওয়া অনেকের কাছেই এখন একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। ব্যস্ততা, ওজন কমানোর চেষ্টা কিংবা অনীহার কারণে অনেকেই দিনের প্রথম খাবারটি এড়িয়ে যান। তবে গবেষণা ও পুষ্টিবিদদের মতে, সকালের নাস্তা বাদ দেওয়া দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

শরীরে শক্তির জোগান, হরমোনের ভারসাম্য, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মেটাবলিজম—সবকিছুর সঙ্গে সকালের নাস্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই নিয়মিত ব্রেকফাস্ট না খেলে যে ক্ষতিগুলো হতে পারে, তা জানা জরুরি।

শক্তির যোগান ও ক্ষুধা নিয়ন্ত্রণে সমস্যা

রাতভর ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই শক্তিহীন থাকে। সকালের নাস্তা সেই শক্তির ঘাটতি পূরণ করে শরীরকে দিনের কাজের জন্য প্রস্তুত করে। ব্রেকফাস্ট না করলে রক্তে শর্করার মাত্রা কমে যায়, ফলে মাথা ঝিমঝিম করা, দুর্বল লাগা, মেজাজ খিটখিটে হওয়া ও মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

এ ছাড়া সকালের নাস্তা বাদ দিলে ক্ষুধাজনিত হরমোন ‘গ্রেলিন’ বেড়ে যায়। এর ফলে দুপুরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা ওজন নিয়ন্ত্রণের জন্য ক্ষতিকর।

মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়

মস্তিষ্কের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ। ব্রেকফাস্ট না করলে মস্তিষ্ক পর্যাপ্ত গ্লুকোজ পায় না। এতে মনোযোগের ঘাটতি, ভুলে যাওয়া, সিদ্ধান্ত নিতে সমস্যা এবং সারাদিন ক্লান্ত লাগার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষ করে পড়াশোনা বা মানসিক শ্রমনির্ভর কাজে সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হৃদরোগের ঝুঁকি বাড়ে

নিয়মিত ব্রেকফাস্ট না করা ব্যক্তিদের মধ্যে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়। এসব সমস্যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। খাবার বাদ দেওয়ার ফলে হরমোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং হৃদপিণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে।

মেটাবলিজম ব্যাহত হয়

সকালের নাস্তা না খেলে শরীর শক্তি সঞ্চয়ের মোডে চলে যায়, ফলে ক্যালোরি পোড়ার হার কমে যায়। এতে দিনের বাকি সময় মেটাবলিজম ধীরগতির হয়ে পড়ে। যারা ওজন কমানোর উদ্দেশ্যে ব্রেকফাস্ট বাদ দেন, তাদের ক্ষেত্রে উল্টো পেটের মেদ বাড়ার ঝুঁকি তৈরি হয় এবং মেটাবলিক সিনড্রোমের আশঙ্কা দেখা দেয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে

সকালের খাবার বাদ দিলে শরীর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থেকে বঞ্চিত হয়। এর ফলে রোগ প্রতিরোধী কোষগুলোর কার্যক্ষমতা কমে যায়। এতে সর্দি-কাশি, সংক্রমণ ও সাধারণ অসুস্থতা সহজে দেখা দেয়। নিয়মিত স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

সারাদিনের খাদ্যাভ্যাসের ভারসাম্য নষ্ট হয়

যারা সকালে নাস্তা করেন না, তারা দ্রুত শক্তি পাওয়ার জন্য পরবর্তী সময়ে অতিরিক্ত চিনি, তেল বা উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবারের দিকে ঝোঁকেন। এতে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ হয় এবং শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

বায়োলজিক্যাল ক্লক ব্যাহত হয়

সকালের নাস্তা শরীরের দৈনন্দিন রুটিন বা বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখতে সাহায্য করে। ডিম, ওটস, ফল, দই বা অন্যান্য পুষ্টিকর খাবার দিয়ে নিয়মিত ব্রেকফাস্ট করলে মানুষ সারাদিন বেশি সক্রিয় ও মানসিকভাবে স্থির থাকেন, যা জীবনযাত্রার মান উন্নত করে।