তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাবিতে ছাত্রদলের স্বাগত মিছিল

২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস জুড়ে স্বাগত মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। 

মিছিলে ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘মেঘনা নদী বহমান, তারেক রহমান’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ নানা স্লোগান দিতে থাকেন ছাত্রদলের  নেতাকর্মীরা।

মিছিলটি ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন হয়ে রোকেয়া হলের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতারা। 

এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বাংলাদেশের ইতিহাসের সফল রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। গত সাড়ে ১৫ বছরে বিদেশের মাটিতে বসে ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেলতে, জাতীয়তাবাদী দল বিএনপি, অপরাপর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোসহ দেশের আপামর মানুষদের একত্রিত করে নানা দিকনির্দেশনা দিয়েছিল মানুষটি। 

তিনি বলেন, আমাদের সেই হৃদয়ের স্পন্দনের নায়ক তারেক রহমান, গণতান্ত্রকামী মানুষের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তার যে ৩১ দফা, তা বাস্তবায়নে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল অক্ষরে-অক্ষরে সকল কর্মপরিকল্পনা পালনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ন্যায় ও সাম্যের দেশ গড়ে তুলব।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত থাকলেও, এ দেশের মানুষের মৌলিক অধিকার আদায় ও গণতন্ত্রকামী মানুষের পাশে থেকেছেন। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সব সময় ছাত্রদলের অভিভাবক ও আমাদের নেতা তারেক রহমান পাশে থেকেছেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়ে কাঁধে-কাঁধ মিলিয়ে সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবো। তার এই প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এক নতুন দিগন্তের মোড় উন্মোচিত হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতারসহ ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।