২৫ ডিসেম্বর, ২০২৫
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট এম এ মান্নানই পেলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের চূড়ান্ত মনোনয়ন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তাঁকে দেওয়া (মান্নান) চূড়ান্ত মনোনয়নের একটি আনুষ্ঠানিক চিঠি নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এম এ মান্নান।
এদিকে মনোনয়ন বঞ্চিত এই আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস রাত সোয়া ১২টায় কালের কণ্ঠের কাছে শেষ পর্যন্ত ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে আসন্ন সংসদ নির্বাচন করার চূড়ান্ত ইঙ্গিতও দিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
কিন্তু মনোনয়ন ঘোষণার পরপরই উপজেলায় বিভক্ত থাকা স্থানীয় বিএনপির একাধিক গ্রুপ এই মনোনয়নের বিরোধীতা করে বিগত দিনে বিক্ষোভ, মানববন্ধন, ঝাড়ু মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করতে থাকে। একপর্যায়ে বিএনপির সাত প্রার্থী একত্রিত হয়ে একমঞ্চ থেকে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে জনসমাবেশ করে।
কিন্তু এরপরও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ এম এ মান্নানের মনোনয়ন নিয়ে অনড় থাকায় শেষ পর্যন্ত এ আসনে সরকারি মনোনয়ন ফরম মান্নান ছাড়াও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস, সায়েদুল হক সাঈদ ও নাজমুল করিম সংগ্রহ করেন।
এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস রাত সোয়া ১২টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘নির্বাচন করার জন্য নবীনগরের ২১টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের কাছ থেকে প্রচণ্ড চাপে রয়েছি।
তবে নেতাকর্মীরাই আমার রাজনীতির প্রাণশক্তি। বিএনপির চরম দুঃসময়ে এদের পাশে মাঠে থেকেছি। তাই নেতাকর্মীদের আবেগময় এমন আবেদনের প্রেক্ষিতে নির্বাচন করব কি করব না, সেটি ২৯ ডিসেম্বরই আমি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’
এদিকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর অ্যাডভোকেট এম এ মান্নান কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নবীনগরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ওপর শতভাগ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে যেই চূড়ান্ত মনোনয়নের চিঠি দিয়েছেন, আমি আমার সততা, নিষ্ঠা ও কর্মযজ্ঞ দিয়ে সেটির যথাযথ মর্যাদা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।