বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

২৬ ডিসেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে ইলিশ ধরার ট্রলার ডুবে বাবা-ছেলে নিখোঁজের একদিন পর জেলে মো. শামিম জোমাদ্দার (৪০) ও ছেলে সিয়াম জোমাদ্দারের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাতে সাগরের কাকমারা দ্বীপ এলাকার আলাদা স্থান থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকায়। ট্রলারে থাকা বাকি চারজন জেলেকে অন্য জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলে শাওন জানান, ‘গত রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরগঙ্গা বাঁধঘাট এলাকা থেকে এফবি সিদ্দিক নামের একটি ট্রলার নিয়ে মাঝিসহ ৬ জন জেলে সাগরে ইলিশ ধরতে রওনা হয়। দুইদিন মাছ ধরার পর গত বুধবার রাতে পাইপবয়া এলাকায় ট্রলার নোঙর করে সবাই ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ গভীর রাতে ঢেউয়ের তাণ্ডবে ট্রলারে তলা ফেটে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি উল্টে যায়।

এ সময় উল্টে যাওয়া ট্রলারে থাকা থাকা বাকি চারজন জেলে অন্য জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার হলেও নিহত শামীম ও তার
ছেলে সিয়াম নিখোঁজ হন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।