গাইবান্ধায় ১০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী দিনের করণীয় নির্ধারণের লক্ষ্যে গাইবান্ধায় ১০ দলীয় জোটের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার।

জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল হামিদ, আবু সাঈদ খুদরী, মুফতি ইদ্রিস বিন আনোয়ার, ইসলামী আন্দোলনের শেখ হেলাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির ফিহাদুর রহমান দিবস, এবি পার্টির রানা, বিডিপির সুলতান মাহমুদসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশ ও জাতির সংকটময় মুহূর্তে সকল গণতান্ত্রিক ও ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের অধিকার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।