বিগ ব্যাশে ক্রিস লিনের রেকর্ড

০১ জানুয়ারী, ২০২৬

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন প্রথমবারের মতো ইতিহাস গড়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার ক্রিস লিন। টুর্নামেন্টের  প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) অ্যাডিলেড ওভালে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েন লিন। এদিন ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বলে অপরাজিত ৭৯ রান করেন লিন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। প্রায় ১৯৩ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি স্ট্রাইকার্সকে সাত উইকেটের সহজ জয় এনে দেন।

এ পর্যন্ত বিবিএলে ১৩১ ম্যাচে (১২৯ ইনিংস) লিনের মোট রান এখন ৪ হাজার ৬৫। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ২৯ শতাংশ। টুর্নামেন্টে তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি। 

এর আগে প্রথমে ব্যাট করে ব্রিসবেন হিট ১৯ দশমিক ৪ ওভারে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায়। স্ট্রাইকার্সের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন জেমি ওভারটন (৩/১৯), লিয়াম স্কট (২/১২) ও হাসান আলী (২/২৯)। পাওয়ারপ্লেতেই বিপর্যয়ে পড়ে হিট, মাত্র ২১ রানে পাঁচ উইকেট হারায় তারা। পরে ম্যাথিউ কুনেম্যান (৩১ অপরাজিত) ও হিউ ওয়াইবগেন (২৮) অষ্টম উইকেটে ৩৬ রানের জুটি গড়লেও তা দলের স্কোর বড় করতে যথেষ্ট হয়নি।

জবাবে ব্যাট করতে নেমে স্ট্রাইকার্সও শুরুতে ধাক্কা খায়। অধিনায়ক ম্যাট শর্ট (১৯), ম্যাকেনজি হার্ভি (১১) ও জেরিস ওয়াডিয়া (১) দ্রুত ফিরে যান। তবে ক্রিস লিনের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি ব্রিসবেন। এই ম্যাচে জেভিয়ার বার্টলেটকে বিশাল ছক্কায় উড়িয়ে দিয়ে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন লিন।