স্বীকৃতির পর সোমালিল্যান্ড সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

০৬ জানুয়ারী, ২০২৬

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সা’আর আজ সকালে সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসায় পৌঁছেছেন।ইসরায়েল সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পর এটি প্রথম সরকারি সফর। এক সোমালিল্যান্ড কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যম আই২৪নিউজ এ তথ্য জানিয়েছে।

সফরকালে সা’আরের সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

দুজন আজ প্রেসিডেন্ট প্রাসাদে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও সূত্রটি জানিয়েছে।

কূটনৈতিক সূত্রটি বলেছে, এই সফরের লক্ষ্য ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া। সফর নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্বাধীনতার স্বীকৃতির পর সোমালিল্যান্ডে এটিই ইসরায়েলের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফর, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

বৈঠকের আলোচ্যসূচি এবং সম্ভাব্য কোনো চুক্তি সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।