দিনাজপুরে প্রাথমিক শিক্ষকের জন্য জনপ্রতি ১৫ লাখ টাকায় চুক্তি, আটক ১৮ পরীক্ষার্থী

১০ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি দেওয়ার অভিযোগে মোট ১৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় ৪৫টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়। এ পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩৩ হাজার ৮৫৬ জন।

পুলিশ জানায়, দিনাজপুর ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুল থেকে ২ জন, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ (কেবিএম) থেকে ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, সরকারি মহিলা কলেজ থেকে ১ জন, জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) থেকে ১ জন, নূরজাহান কামিল মাদ্রাসা থেকে ৪ জন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে ১ জনকে ডিভাইসসহ আটক করা হয়।

এছাড়া কাদের বক্স মেমোরিয়াল কলেজ (কেবিএম) কেন্দ্র থেকে প্রক্সি দিতে আসা আরও ২ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা করে নেওয়া হয়েছে। এই জালিয়াতি চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।