১৩ জানুয়ারী, ২০২৬
বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আত্মসামাজিক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা রেখে গেছেন, সেই পথ ধরেই প্রতিহিংসার রাজনীতি পরিহার করা হবে।
সোমবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ এবং বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেট শুকরি সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।