২০ এপ্রিল, ২০২৬
দিনাজপুর শহরে একটি ঘরের মেঝে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার তপন রায় (৫০) তার স্ত্রী লতা রানী (৪২)।
ফায়ার সার্ভিস জানিয়েছে এলাকাবাসী বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এ সময় তারা ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদহ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী এর তথ্য জানিয়েছেন।
ওসি জানান, রোববার রাত বারোটার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়াার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এলাকাবাসী কিংবা ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
তিনি জানান, নিহত দুজনের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসায় আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে ও স্বামী-স্ত্রী কিভাবে মারা গেলেন এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।