বার্ষিক সভায় শীতার্তদের কম্বল দিল নেত্রকোনায় সাংবাদিক ফোরাম

১৫ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনায় জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে বার্ষিক সভা উপলক্ষ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডে ফোরামের অস্থায়ী কার্যালয়সংলগ্ন একটি মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।

ফোরামের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকনের সঞ্চালনায় এবং সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের ১০ উপজেলার সদস্যরা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) মো. হাফিজুল ইসলাম, জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা শরিফ উদ্দীন তালুকদার, সদর সার্কেলের এসপি স্বজল কান্তি সরকার, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, লেখক ও গবেষক আলী আহামদ খান আইয়োব, নেত্রকোনা সদর হাসপাতালের আরএমও মাজহারুল ইসলাম মাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে শীতার্তদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।