১৯ এপ্রিল, ২০২১
পাবনা ডিবি পুলিশ সোমবার (১৯ এপ্রিল) পাবনা শহরের কৃঞ্চপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং এসব তৈরির উপকরণ জব্দ করা হয়। এসময় ৩জনকে আটক করা হয়। পাবনা ডিবি পুলিশের পরিদর্শক(ওসি) আব্দুল হান্নান জানান, শহরের কৃঞ্চপুরে মৃত আক্কাস আলীর ছেলে ইমরুল কায়েস(৪০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও লজেন্স তৈরি করছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশে ডিবি পুলিশের একটি টিম সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইমরুর কায়েস এর ওই কারখানায় অভিযান চালায়। এসময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং এসব তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত কারখানাটি সিলগালা করে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ) এবং সদর থানার ওসি নাসিম আহম্মদ উপস্থিত ছিলেন।
মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরণের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।