ঢাকার কেরানীগঞ্জে বসতঘরে মিলল গৃহবধূর লাশ

২০ জানুয়ারী, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় বসতঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফারজানা আক্কার (২৪)। সে ঝালকাঠির কাঠালিয়া থানার ছোট কৈ খালির এলাকার দুলাল হাওলাদারের বড় মেয়ে। 

গত ১০ দিন আগে তিনি চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন।

এরপর থেকে স্বামী রিফাত, শ্বশুর আবুল কালাম ও ভাসুর সবুজের সঙ্গে কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার টাইলস মসজিদ গলির পরী বানুর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠায়।

নিহত ফারজানার মা মাকসুদা বেগম জানান, মেয়ের মৃত্যুর খবর পাওয়ার কিছুক্ষণ আগেই তিনি মোবাইল ফোনে ফারজানার সঙ্গে কথা বলেছিলেন। তখন ফারজানা তাকে ঘরে ফারজানার ভাসুর সবুজ  এসেছেন জানিয়ে কল কেটে দেন।

স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে ফারজানার ভাসুর সবুজ জড়িত থাকতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর সকাল থেকে ফারজানার স্বামী রিফাত, শ্বশুর আবুল কালাম ও ভাসুর সবুজ পলাতক রয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের স্বামী কর্মস্থল থেকে ফিরে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি করেছেন। পুলিশ এ ঘটনায় বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে।

তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।