২১ জানুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে ১৩ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হয়েছেন ৪৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থীরা পেয়েছেন নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। ছোট ছোট বাচ্চারা আমাকে দেখলেই বলে—আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কা আমার ভোটারদের মার্কা।”
নিজের পালিত হাঁস চুরির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার হাঁস চুরি হলে আমি মামলা করে চোরকে জেলেও পাঠিয়েছি। এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, তাহলে আমি যথাযথ ব্যবস্থা নেব।”
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পেয়েছেন তার দলীয় প্রতীক ‘মাথাল’।