২৩ জানুয়ারী, ২০২৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে চারটার দিকে তিনি সমাবেশের মঞ্চে ওঠেন।
এর আগে তিনি সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীতে একাধিক জনসভায় অংশ নেন। সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি উপস্থিত হন।
সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভা উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। কলেজ মাঠে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় তোরণ, বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করা হয়। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানারে সমাবেশস্থল সাজিয়ে তোলেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।